রাবিতে ভর্তি পরীক্ষা কাল, থাকবে পাঁচস্তরের নিরাপত্তা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভর্তি পরীক্ষা উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালে নিরাপত্তা কাজে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, আইসিটি সেন্টার, পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার বাহিনী। এ ছাড়া সুষ্ঠুভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে ভর্তি পরীক্ষা কমিটি, ছাত্র উপদেষ্টা দপ্তর, হল প্রশাসন, কোয়ান্টাম ফাউন্ডেশনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তৎপর থাকবেন।

জানা গেছে, আগামী ৫ থেকে ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষ ভর্তি-পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর (এ, বি, সি) তিন ইউনিটে কোটাসহ ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ ভর্তিচ্ছু। প্রতি আসনে লড়ছেন ৩৫ জন শিক্ষার্থী।
‘এ’ ইউনিটে ৭৪ হাজার ৭৮৫টি, ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১টি এবং ‘সি’ ইউনিটে ৭৬ হাজার ৩৫৪টি চূড়ান্ত আবেদন সম্পন্ন হয়েছে। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদনের সুযোগ পেয়েছে। এক ঘণ্টা সময়সীমায় বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা হবে। ন্যূনতম পাস নম্বর ৪০।

মানতে হবে ৮ নির্দেশনা

পরীক্ষা চলাকালে কোনো ভর্তিচ্ছু পরীক্ষা কেন্দ্রের বাইরে যেতে পারবে না, মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না, ভর্তিচ্ছুদের সঙ্গে নিজ প্রবেশপত্রের একাধিক ফটোকপি রাখতে হবে, ভর্তি-পরীক্ষা চলাকালীন ক্যাম্পাস অভ্যন্তরে সকল ধরনের প্রচারমূলক লিফলেট বিতরণ করা যাবে না, ব্যক্তিগত সরঞ্জামাদি নিজ দায়িত্বে রাখতে হবে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত গাড়িসমূহ সাড়ে ৭টার মধ্যে সাবাস বাংলাদেশ মাঠে পার্কিং করতে হবে, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে ও যেকোনো পরামর্শ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে থাকা হেল্পডেক্স থেকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তি জালিয়াতি ও অসদুপায় বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেন, এবছর ভর্তি পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থী চিহ্নিত করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। ফলে জালিয়াতি করে ভর্তির সুযোগ নেই। তাছাড়া পরীক্ষা চলাকালে যেকোনো অনিয়ম প্রতিহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights