‘রামায়ণ’-এর সেটে রণবীর-রাহার ছবি, আবেগঘন বার্তা আলিয়ার
অনলাইন ডেস্ক
মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ মুক্তির পর স্বামী রণবীর কাপুর ও মেয়ে রাহার মিষ্টি মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ছবিগুলোতে রামের সাজে থাকা রণবীরকে মেয়েকে স্নেহ করতে দেখা গেছে। ছবির সঙ্গে স্বামীর প্রতি ভালোবাসা ও গর্ব প্রকাশ করে আবেগঘন বার্তাও দিয়েছেন আলিয়া।
বৃহস্পতিবার ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। শুটিং সেটের পাথুরে প্রেক্ষাপটে তোলা ছবিতে রণবীরের কোলে দেখা যায় ছোট্ট রাহাকে। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তাঁরা।
পোস্টে আলিয়া লেখেন, ‘তুমি এই ছবিটার জন্য তোমার সবটুকু উজাড় করে দিয়েছ। তার পরেও নিজের সবটুকু ভালোবাসা রাহার জন্য বাঁচিয়ে রেখেছ। তোমার জন্য অত্যন্ত গর্ববোধ করছি রণবীর! সেইসঙ্গে এই অবিশ্বাস্য সিনেমাটিক অভিজ্ঞতার পিছনে যে সব মানুষ নিজেদের হৃদয় ঢেলে দিয়েছেন, তাঁদের প্রত্যেকের জন্য আমি গর্বিত। কিছু কিছু গল্প আমাদের জীবনের চেয়েও বড়, রামায়ণ ঠিক তেমনই।’
নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম ও দ্বিতীয় খণ্ড মিলিয়ে নির্মাণব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং রাবণের চরিত্রে যশ।
