রায়ে সন্তুষ্ট এলাকাবাসী, দ্রুত কার্যকরের দাবি

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সিরাজদিখানের এলাকাবাসী। একইসঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের জোর দাবি জানিয়েছেন।

রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা ভুক্তভোগী রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন।

রায়ের পর মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এ রায় ঘোষণায় তারা সন্তুষ্ট হলেও দ্রুত তা কার্যকর করা অত্যন্ত জরুরি। তাদের মতে, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে দ্রুত শাস্তি কার্যকর হলে সমাজে অপরাধপ্রবণতা কমবে এবং অপরাধীদের মধ্যে ভয় তৈরি হবে।

রামিসার আত্মীয়রা বলেন, আমরা আমাদের সন্তানকে আর ফিরে পাব না। তবে দ্রুত রায় কার্যকর হলে অন্তত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সন্তানের আত্মা শান্তি পাবে।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, এ হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই ভয়াবহ স্মৃতি এখনও তাদের মনে দাগ কেটে আছে। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights