রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে: জেলেনস্কি
অনলাইন ডেস্ক
রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে। এ হামলায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন। এ ছাড়া খারকিভ অঞ্চলে আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নিহত এবং দুই শিশুসহ আরও নয়জন আহত হয়েছেন।
জেলেনস্কি বলেন, রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, হামলায় কিয়েভ ছাড়াও খেরসন, দোনেৎস্ক, দনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ, সুমি, ওডেসা, মিকোলাইভ, জাপোরিঝিয়া ও চেরনিহিভ অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
জেলেনস্কি আরও দাবি করেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৬৩০টির বেশি গাইডেড বোমা এবং ৯৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের অর্ধেকের বেশি ছিল ব্যালিস্টিক।
এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রাতভর কিয়েভে ইউক্রেনের সামরিক-শিল্প স্থাপনা এবং ওডেসা অঞ্চলের চোরনোমোরস্ক বন্দরের অবকাঠামোতে ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।
