রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া, জানালেন আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার যে খবর নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ নজরুল বিষয়টি সম্পর্কে লেখেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন (পদত্যাগ) করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে- তা ভুয়া।’

এর আগে গতকাল বুধবার বিচার বিভাগের সব কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশের কথা জানান আইন উপদেষ্টা।
ওইদিন তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘আমরা অধস্তন আদালতের পরিবেশ উন্নয়নের জন্য কিছু উদ্যোগ নিয়েছি। অধস্তন আদালতে আমরা প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু টাইম লাগবে কিন্তু অলরেডি নির্দেশনা পৌঁছে গেছে।’

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে করা সব হয়রানিমূলক মামলা আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান আসিফ নজরুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights