রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন, নিরাপত্তা জোরদার
অনলাইন ডেস্ক
নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বঙ্গভবন এলাকায়। শুক্রবার দুপুর থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শপথ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনের দরবার হলে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টায় তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
সরেজমিন দেখা যায়, দুপুর থেকেই বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়েছে। বঙ্গভবনের প্রবেশপথসহ আশপাশের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের প্রবেশ ও চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্টরা বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করছেন।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলকে সাজানো হয়েছে নতুন রূপে। ঐতিহাসিক এই দরবার হলেই এর আগে বহু রাষ্ট্রপতির শপথসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। তবে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের মধ্যে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
এ ছাড়া তিন বাহিনীর প্রধান, সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি কূটনীতিকদেরও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে নতুন রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় তৈরি হয়েছে বিশেষ আবহ। শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সাজসজ্জা ও আনুষ্ঠানিক প্রস্তুতিতেও ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।
