রিকশাচালককে মারধর করা সেই আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, যশোর

আইনজীবীদের প্রতীক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে যশোর জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার সকালে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা স্বাক্ষরিত নোটিশ আরতি রানীর বাড়িতে পাঠানো হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবীদের গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। তাই এ ব্যাপারে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত রবিবার দুপুরে যশোর আদালতের সামনে ফুটপাতে এক রিকশাচালককে মারধর করেন আইনজীবী আরতি রানী ঘোষ। অনেকেই তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights