রিমান্ড শেষে কারাগারে আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে রিমান্ড শেষে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম খান বলেন, হত্যা ও বিস্ফোরক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৫ মে আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। পরে ২৭ মে কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জে নিয়ে আসেন মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান।

তার আগে গত ৯ মে শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আইভীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট ছয়টি মামলা আছে। এর মধ্যে চারটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মিনারুল হত্যা মামলায় আগামী ২ জুন জেলা ও দায়রা জজ আদালতে তার জামিন শুনানির দিন ধার্য রয়েছে। গ্রেফতারের পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights