রিমান্ড শেষে কারাগারে ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক

অনলাইন ডেস্ক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাই’ রেস্তোরাঁর মালিক সোহেল সিরাজকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। সেইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এদিকে জামিন আবেদন করেন আসামীপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে ইমিগ্রেশন পুলিশ সোহেল সিরাজকে আটক করে। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। পরের দিন বুধবার তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামির আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। এতে ৪৬ জন মারা যান। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও ৮ জন শিশু। জীবিত উদ্ধার করা হয় ৭৫ জনকে। ওই ভবনের দ্বিতীয় তলায় ছিল কাচ্চি ভাই রেস্তোরাঁ। অগ্নিকাণ্ডে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা করে। ঘটনার পরপরই সোহেল সিরাজ দেশ থেকে মালয়েশিয়া চলে যান। সোহেল সিরাজসহ এ মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights