রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বের্নার্দো সিলভা

স্পোর্টস ডেস্ক

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর আগেই বড় সুখবর পেল পর্তুগাল শিবির। দলের অন্যতম ভরসা বের্নার্দো সিলভা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।

বুধবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, আগামী দুই মৌসুমের জন্য ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত সিলভার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।

৩১ বছর বয়সী এই পর্তুগিজ মিডফিল্ডার আগেই জানিয়েছিলেন, মৌসুম শেষে তিনি ম্যানচেস্টার সিটি ছাড়বেন। চলতি মাসের শেষে চুক্তির মেয়াদ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হয়ে যাবেন তিনি।

ফ্রি এজেন্ট হিসেবে তাঁর মতো অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ফুটবলারকে দলে নেওয়াকে বড় সাফল্য হিসেবেই দেখছে রিয়াল। সিটি ছাড়ার খবর সামনে আসার পর থেকেই তাঁর রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন জোরালো ছিল।

২০১৭ সালে মোনাকো থেকে সিটিতে যোগ দেন সিলভা। এরপর কোচ পেপ গার্দিওলার অধীনে ক্লাবের ধারাবাহিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নয় বছরে সিটির হয়ে জিতেছেন ২০টি ট্রফি, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ একাধিক বড় শিরোপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights