রূপগঞ্জে বিউটি বেগমকে আগুন দিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৮

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রুপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বসতঘরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বিউটি বেগমকে (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা হলেন- মো. জয়নাল (৪০), মো. সাকিব (২২), মো. আশিক (২২), আব্দুল্লাহ (২৯), সজিব (২২), মো. জিয়াউল হক (৪৫), মো. পাপ্পু (২৫) ও দিপু (২০)।

র‍্যাবের পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী জানান, আসামিদেরকে রাজধানীর পল্টন মোড়, রমনা পাক ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা হতে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ওরফে হারেজের সঙ্গে একই এলাকার জমি ব্যবসায়ী জাহের আলীর সঙ্গে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে গত ২০ নভেম্বর দুপুরের দিকে গ্রেফতারকৃতরাসহ অন্যান্য আসামিরা জাহের আলীর লোকজনের উপর অতর্কিতে সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর জখম করে। এরপর তারা হারেজের অনুসারি কামাল হোসেনের বাড়্রিতে হামলা চালায়।

তিনি বলেন, হামলার এক পর্যায়ে মধ্যযুগীয় কায়দায় তার ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় কামাল হোসেনের স্ত্রী বিউটি বেগম (৫০) ঘরের মধ্যে ছিলেন। আসামিদের দেয়া আগুনে পুড়ে তিনি দগ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জুলফিকার আলী জানান, ঘটনার পর বিষয়টি নিয়ে র‍্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামিরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে এলাকা ত্যাগ করে। তবে আসামিদের গ্রেফতার প্রচেষ্টার ধারাবাহিকতায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights