রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে লিফট থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করার সময় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে প্রকল্পের অভ্যন্তরের একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে।
পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ভবনে ম্যান-লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত প্রায় ২০ ফুট ওপর থেকে নিচে পড়ে যান তিনি। এতে তার হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রকল্প এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
উজ্জ্বলের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন শ্রমিকেরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
