রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বেলিংহ্যামের জাদুতে পানামাকে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে হ্যারি কেইনরা। নকআউট পর্বে তারা ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এদিকে এ ম্যাচে খেলেতে নেমে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ ইতিহাসে এক অনন্য নজির গড়লেন জর্ডান হেন্ডারসন।

এই ফুটবলার দেশের হয়ে চারটি ফিফা বিশ্বকাপে প্রতিনিধিত্বকারী প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখালেন।বর্তমানে প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের হয়ে খেলা ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ‘গ্রুপ এল’-এর ম্যাচে ৮৪তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।

২০১৯-২০ মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানোর সময় দলের নেতৃত্ব দেওয়া হেন্ডারসন এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। পানামার বিপক্ষে ম্যাচটি ছিল ‘থ্রি লায়ন্স’-এর হয়ে তার চতুর্থ বিশ্বকাপ অভিযান।

সবচেয়ে বেশি সংখ্যক ফিফা বিশ্বকাপ আসরে অংশগ্রহণের রেকর্ডটি যৌথভাবে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে এবং আর্জেন্টিনার লিওনেল মেসির দখলে। এই দুই কিংবদন্তিই ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন।

লিনেকারের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন
এদিকে হ্যারি কেইনও এ ম্যাচে অংশ নিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বকাপের ইতিহাসে তিনি এখন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতা। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ইংলিশ স্ট্রাইকার ম্যাচের ৬৭তম মিনিটে নিজের তৃতীয় গোলটি করেন।

পানামার বিপক্ষে এই গোলের মাধ্যমে বিশ্বকাপে কেইনের মোট গোলসংখ্যা দাঁড়াল ১১-তে। এর ফলে গ্যারি লিনেকারকে ছাড়িয়ে তিনি টুর্নামেন্টের ইতিহাসে ইংল্যান্ডের একক সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। লিনেকার ১৯৮৬ ও ১৯৯০ সালের বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলে ১০টি গোল করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights