রেক্টাল ক্যান্সারে যে বয়সীদের মৃত্যুর হার দ্রুত বাড়ছে

অনলাইন ডেস্ক

কোলন ক্যান্সারের চেয়ে রেক্টাল ক্যান্সারে ২০ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে দুই থেকে তিনগুণ বেড়েছে মৃত্যুর হার। এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের তরুণদের মধ্যে কোলন ক্যান্সারের চেয়ে মলদ্বারের (রেক্টাল) ক্যান্সারে মৃত্যুর হার দ্রুত বাড়ছে। গবেষকরা সতর্ক করেছেন, চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন না আনলে এই প্রবণতা বাড়তেই থাকবে।

২০ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে রেক্টাল ক্যান্সারে মৃত্যুর হার কোলন ক্যান্সারের চেয়ে দুই থেকে তিনগুণ দ্রুত বাড়ছে। এই তথ্যটি ২০২৬ সালে শিকাগোতে অনুষ্ঠিত ‘ডাইজেস্টিভ ডিজিজ উইক’-এ উপস্থাপন করা হবে। তথ্য অনুযায়ী, বিশেষ করে ৩৫ থেকে ৪৪ বছর বয়সী মানুষের মধ্যে ২০৩৫ সাল পর্যন্ত রেক্টাল ক্যান্সারে মৃত্যুর হার আরও বাড়তে পারে।

‘কলোরেক্টাল ক্যান্সার এখন আর শুধু বয়স্কদের রোগ হিসেবে ধরা হয় না’ এমন মন্তব্য করেছেন গবেষণার প্রধান লেখক মিথিলি মেনন পাঠিয়িল, যিনি সানি আপস্টেট মেডিকেল ইউনিভার্সিটির গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের ফেলো। তার মতে, রেক্টাল ক্যান্সার তরুণদের মধ্যে ক্রমশ বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে।

রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর ১৯৯৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকরা। ভবিষ্যতের প্রবণতা বোঝার জন্য একটি মেশিন লার্নিং মডেল ব্যবহার করে তারা দেখেছেন, এই দুই ধরনের ক্যান্সারের মধ্যে মৃত্যু হারের পার্থক্য সব ধরনের জনগোষ্ঠীর মধ্যেই বাড়ছে। গবেষণায় আরও জানা গেছে, যুক্তরাষ্ট্রের হিস্পানিক প্রাপ্তবয়স্ক এবং পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যের বাসিন্দাদের মধ্যে রেক্টাল ক্যান্সারে মৃত্যুর হার সবচেয়ে বেশি বেড়েছে। এই গবেষণা থেকে উঠে আসা তথ্য থেকে প্রধান উদ্বেগের বিষয়টি হলো, কমবয়সী রোগীদের প্রায়শ বিলম্ব হয়ে পড়ে রোগ নির্ণয়ে। সূত্র: ফক্স নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights