রোনালদোকে নিয়ে তীব্র সমালোচনা, পাশে দাঁড়ালেন পর্তুগাল কোচ

অনলাইন ডেস্ক
ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র করে টুর্নামেন্টের শুরুতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট পর্তুগাল। ম্যাচটিতে নিষ্প্রভ থাকায় ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

এদিকে, প্রথম ম্যাচের পর মিডফিল্ডার জোয়াও নেভেসের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। রোনালদোকে অন্য সাধারণ খেলোয়াড়দের মতোই, যে এখানে দলকে সাহায্য করতে এসেছে— নেভেসের এমন বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এই বক্তব্যের মাধ্যমে রোনালদোর প্রতি অসম্মান করা হয়েছে বলে দাবি করা হয়।

বাইরের সমালোচনা এবং দলের মধ্যে চাঁপা উত্তেজনার মধ্যেই মঙ্গলবার টেক্সাসের হিউস্টনে বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল।

তবে হিউস্টনে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই সমস্ত বিতর্ক ও উত্তেজনাকে উড়িয়ে দিয়েছেন পর্তুগাল কোচ মার্তিনেজ। পাশাপাশি প্রথম ম্যাচে নিষ্ক্রিয় থাকা রোনালদো পাশে দাঁড়িয়েছেন তিনি।

মার্তিনেজ বলেন, অধিনায়ক হিসেবে রোনালদো একটি বড় উদাহরণ। নিজের বিপুল অভিজ্ঞতা দিয়ে সে পরিস্থিতি সামলে নিয়েছে। সে দলে অবদান রাখতে চায় এবং ও আমাদের দলের জন্য একটি আদর্শ রোল মডেল। ওর মুভমেন্ট মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগে জায়গা তৈরি করে দেয়। পরিসংখ্যানও ওর পক্ষেই কথা বলে।

তবে প্রথম ম্যাচের পর দলের ভেতর যে এক ধরনের হতাশা কাজ করছিল, সেটিও অকপটে স্বীকার করেন কোচ।

অন্যদিকে, পর্তুগিজ ফুলব্যাক জোয়াও কানসেলো স্পষ্ট করেই জানিয়েছেন, ডিআর কঙ্গোর বিপক্ষে তাদের খেলায় মানের অভাব ছিল। কানসেলো বলেন, আমরা পর্যাপ্ত সুযোগ তৈরি করতে পারিনি, যা আমাদের মতো দলের জন্য স্বাভাবিক নয়। আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা রয়েছে, মাঠে আমাদের সেটাই প্রমাণ করতে হবে। আগামীকালের ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আমাদের ভুল করার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।

উজবেকিস্তানের মতো সুশৃঙ্খল রক্ষণভাগের দলের বিরুদ্ধে পর্তুগালের এই ‘ডু অর ডাই’ ম্যাচটি এখন ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে হিউস্টনে নিজেদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত মার্তিনেজের শিষ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights