রোনালদোর মাইলফলক গোল, আল নাসরের বড় জয়

অনলাইন ডেস্ক

সৌদি প্রো লিগের ম্যাচে গতকাল (শনিবার) রাতে কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আল হাজমের মুখোমুখি হয় আল নাসর। ক্লাবটির দুই প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও সাদিও মানে ম্যাচটিতে গোল পেয়েছেন। পেশাদার ক্যারিয়ারের ৮৫০তম গোলের মাইলফলক পূর্ণ করেছেন রোনালদো। ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে আল নাসর।

ম্যাচের শুরু থেকেই আল হাজমের ওপর চেপে বসলেও গোল পাচ্ছিল না আল নাসর। ম্যাচের লিড পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৩ মিনিট পর্যন্ত। রোনালদোর বানিয়ে দেওয়া বলে প্লেসিং শটে নাসরকে লিড এনে দেওয়া গোলটি করেন এই সৌদি উইঙ্গার আব্দুলরাহমান গারিব। বিরতিতে যাওয়ার আগেই গোল ব্যবধান দ্বিগুণ করেন রোনালদোরা। প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে উড়ে আসা বলে আব্দুল্লাহ আল-খাইবারি তাদের হয়ে দ্বিতীয় গোলটি করেন। ২-০ ব্যবধান নিয়ে এরপর নাসর বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই আল-হাজম এক গোল শোধ দেয়। দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন মুহাম্মেদ বাদামোসি। যদিও নাসরকে গোল পেতে বেশি বেগ হতে হয়নি। এবারও গোল পেতে ভূমিকা রয়েছে রোনালদোর। ম্যাচের ৫৭ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে ওয়ান-টু খেলে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর পাস বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা ওতাভিওকে। প্লেসিং শটে বল জালে জড়ান রোনালদোর স্বদেশি এই তারকা।
পর্তুগিজ এই সুপারস্টারও গোলশূন্য থাকেননি। ডি-বক্সে গারিবের বাড়ানো পাসে ফাঁকায় দাঁড়ানো রোনালদো বল পেয়ে যান। জোরাল শটে বল জালে জড়ান রোনালদো। দারুণ খেলতে থাকা মানের পালা এবার। রোনালদো থেকে গারিব এবং তার কাছ বল পেয়ে যান সেনেগালিজ তারকা উইঙ্গার। গোলরক্ষককে পরাস্ত করে প্লেসিং শটে দূরের পোস্টে পাঠান মানে। যা দলের ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে।

টেবিলে আল নাসরের অবস্থান ছয়ে, শীর্ষে আছে নেইমার জুনিয়রের দল আল হিলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights