রোনালদোর সাবেক সতীর্থর কাছেও মেসিই সেরা
অনলাইন ডেস্ক
ফুটবল বিশ্বে লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বৈরথ নিয়ে বিতর্কের শেষ নেই। বিশেষ করে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের মধ্যে এই তর্কে নিজের ক্লাবের আইকনকে বেছে নেওয়ার একটা অলিখিত চল আছে। তবে এবার সেই প্রথা ভেঙে এক চমকপ্রদ মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের অন্যতম সেরা কিংবদন্তি রাউল গঞ্জালেজ। ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক এই সতীর্থ স্পষ্ট জানিয়েছেন, তার চোখে লিওনেল মেসিই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাউল গঞ্জালেজ তার ক্যারিয়ারে দেখা সেরা ফুটবলারদের নিয়ে কথা বলেন। সেখানে তিনি জিনেদিন জিদান, ক্রিশ্চিয়ানো রোনালদো, রোনালদো নাজারিও এবং লুইস ফিগোর মতো মহাতারকাদের সঙ্গে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তবে এই তালিকার কাউকেই তিনি মেসির উপরে স্থান দেননি।
রাউলের মতে, লিওনেল মেসি যা করেন তা অন্য সবার চেয়ে আলাদা। তিনি বলেন, মেসি মাঠে এমন সব অসম্ভব কাজ করেন যা দেখে মনে হয় সেগুলো খুব সাধারণ। বার্সেলোনা আইকনের খেলার ধরন ব্যাখ্যা করতে গিয়ে রাউল মন্তব্য করেন যে, মেসি যখন মাঠে থাকেন, তখন মনে হয় তিনি রাস্তায় নিজের বন্ধুদের সাথে খেলছেন।
রাউল গঞ্জালেজের এই বক্তব্যের আলাদা গুরুত্ব রয়েছে কারণ তিনি রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল নায়ক। সান্তিয়াগো বার্নাব্যুতে দীর্ঘ ১৬ মৌসুমে তিনি ৭৪১টি ম্যাচ খেলেছেন, যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। এই সময়ে তিনি ৩২৩টি গোল করার পাশাপাশি তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং ছয়টি লা লিগা শিরোপা জিতেছেন। রিয়ালের হয়ে গোলদাতার তালিকায় তার অবস্থান এখনো তৃতীয়। এমন একজন নিবেদিতপ্রাণ মাদ্রিদ আইকনের মুখ থেকে চিরপ্রতিদ্বন্দ্বী দলের সাবেক তারকার এই উচ্চসিত প্রশংসা ফুটবল প্রেমীদের অবাক করেছে।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মেসি ও রাউল লা লিগার মাঠে বেশ কয়েকবার একে অপরের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে ২০০৭ সালে ক্যাম্প ন্যুতে যখন মেসি মাত্র ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন, তখন রাউল সেই ম্যাচের সাক্ষী ছিলেন। পরবর্তীতে ২০০৯ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন, তখন রাউল তার সতীর্থ ছিলেন এবং নিজের বিখ্যাত ৭ নম্বর জার্সিটি রোনালদোকে বুঝিয়ে দিয়ে ক্লাব ছেড়েছিলেন। রোনালদোকে খুব কাছ থেকে দেখা এবং তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার পরেও রাউলের বিচারে মেসিই সবার সেরা হিসেবে গণ্য হচ্ছেন।
