রোনালদোর ৫০ গোলের মাইলফলক, আল নাসরের বড় জয়

অনলাইন ডেস্ক

কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সের কোয়ার্টার ফাইনালে সোমবার (১১ ডিসেম্বর) রাতে আল শাবাবকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। এ ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো স্পর্শ করেছেন ৫০তম গোলের মাইলফলক। রোনালদো ছাড়াও নাসরের হয়ে গোল করেছেন সেকো ফোফানা, সাদিও মানে, আব্দুলরাহমান ঘারিব ও মোহাম্মদ মারান।

সোমবার আল শাবারের বিপক্ষে করা রোনালদোর গোলটিও ছিল চোখ ধাঁধানো। ম্যাচের ৭৪তম মিনিটে বাঁ প্রান্তে আক্রমণে উঠে ওতাভিওকে পাস দিয়ে রোনালদো দ্রুত ঢুকে পড়েন ডি-বক্সে। দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ওতাভিও বল পাস দেন সিআরসেভেনকে। বল দখলে নিয়ে জোরালো শটে পর্তুগিজ তারকা আল শাবাবের জাল কাঁপান। তাতে তিনি চলতি বছর ৫০তম গোলের মাইলফলক স্পর্শ করে নেন। এর মধ্যে ৪০ গোল আল নাসরের হয়ে আর বাকি ১০ গোল পর্তুগালের জার্সিতে।

রোনালদো যতক্ষণে জালের দেখা পেয়েছেন ততক্ষণে চুর্ণ-বিচুর্ণ আল শাবাব। কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সে তারা পিছিয়ে পড়ে ৪-১ ব্যবধানে। আল নাসরকে ম্যাচের ১৭ মিনিটে প্রথম লিড এনে দেন সেকো ফোফানা। তার সাত মিনিট পর অবশ্য কার্লোসের গোলে সমতায় ফিরেছিল শাবাব। তবে তাদেরকে বেশিক্ষণে স্বস্তিতে থাকতে দেননি সাদিও মানে। ২৮তম মিনিটে ওতাভিওর পাস দখলে নিয়ে তিনি আবার নাসরকে লিডে ফেরান। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রোজোভিসের পাস থেকে ব্যবধান ৩-১ করেন ঘারিব। এরপর তো পর্তুগিজ তারকা দারুণ গোলে ব্যবধান আরও বাড়িয়ে দলের জয় একপ্রকার নিশ্চিত করে নেন।
৯০ মিনিটে ব্যবধান কমান শাবাবের মিডফিল্ডার হাত্তান বাহেবরি। যোগ করা সময়ে শাবাবের জাল কাঁপিয়ে নাসরের জয়ের ব্যবধানটা ৫-২ করেন সৌদি আরবের ২২ বছর বয়সী ফরোয়ার্ডার মারান। বড় জয়ে কিংস কাপের সেমিফাইনালে পা রাখে রোনালদোরা। তাতে ১৯৯০ সালের পর আবারও আসরটিতে শিরোপা জয়ের স্বপ্নও টিকে রইলো আল নাসরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights