রোমান সম্রাটের মূর্তির মাথা তুরস্ককে ফিরিয়ে দেবে ডেনমার্ক

ডেনমার্কের গ্লিপটোটেক জাদুঘর ৫০ বছরেরও বেশি সময় ধরে প্রদর্শনীতে থাকা রোমান সম্রাট সেপটিমিয়াস সেভেরাসের ব্রোঞ্জ মূর্তির মাথা তুরস্কে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় জাদুঘর কর্তৃপক্ষ। তুরস্ক দাবি করেছিল, মূর্তির এই অংশটি একসময় এশিয়া মাইনরের বুবন নামক একটি রোমান প্রত্নস্থল থেকে চুরি হয়েছিল। ১৮ মাসের বিরোধের পর জাদুঘরটি অবশেষে তুরস্কের অনুরোধ মেনে নেয়।

গ্লিপটোটেকের বিবৃতিতে বলা হয়, প্রাচীন এই ব্রোঞ্জ মূর্তির প্রতিকৃতি ফেরানোর তুরস্কের অনুরোধে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

মূর্তির জটিল ইতিহাস
সেপটিমিয়াস সেভেরাসের পুরো মূর্তিটি ১৯৭০ সালে কোনো সুনির্দিষ্ট উৎস ছাড়াই সংগ্রহ করা হয়েছিল। মূর্তিটি একসময় মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সংগ্রহে ছিল এবং নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়ামে প্রদর্শিত হয়। তবে ২০২২ সালে মূর্তিটির শরীরাংশ তুরস্কে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু মাথাটি তখনো ডেনমার্কে ছিল।

১৯৭৯ সালে গ্লিপটোটেকের একজন সাবেক কিউরেটর ধারণা দেন, মূর্তির এই মাথা যুক্তরাষ্ট্রে থাকা মূর্তিটির অংশ হতে পারে। তুরস্কের প্রত্নতাত্ত্বিক জালে ইনানের পর্যবেক্ষণে এই দুই অংশ একত্রিত করে পরীক্ষা করা হয়।

প্রত্যর্পণের চূড়ান্ত সিদ্ধান্ত
২০২৩ সালের মে মাসে তুরস্ক আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের কাছে মাথাটি ফেরত চায়। প্রাথমিকভাবে সংশয় থাকলেও, জাদুঘরটি পরে নিশ্চিত হয় যে মাথাটি বুবন প্রত্নস্থলেরই অংশ।

গ্লিপটোটেকের প্রধান গেরট্রুড হভিডবার্গ-হ্যানসেন বলেন, বুবনের অনেক প্রত্নসম্পদ অবৈধভাবে সংগ্রাহকদের কাছে বিক্রি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এসবের অনেকটাই তুরস্কে ফেরত এসেছে। এই বিষয়গুলো আমাদের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।

তুরস্কের প্রত্নসম্পদ পুনরুদ্ধারের এই সাফল্য লুট হওয়া ঐতিহ্যের প্রতি আন্তর্জাতিক মনোযোগকে আরও বাড়িয়ে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights