রোমানিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ

অনলাইন ডেস্ক

রোমানিয়ায় বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীরা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ বহাল থাকবে। মঙ্গলবার রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস এক জরুরি ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

জরুরি ঘোষণায় বলা হয়েছে, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং-৩২ (২৩ এপ্রিল ২০২৬), যা অফিসিয়াল গেজেট নং–৩৩৫ (২৭ এপ্রিল ২০২৬)-এ প্রকাশিত হয়েছে, এবং রাজক্ষমা (এমনেস্টি) কর্মসূচির অনুচ্ছেদ-৫২ অনুযায়ী, নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আগত যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তাদের জন্য শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এতে অবৈধভাবে বসবাসরত বহু বাংলাদেশি কর্মী তাদের অবস্থান বৈধ করার সুযোগ পাবেন বলে জানানো হয়। বিশেষ করে, যেসব কর্মী বৈধভাবে রোমানিয়ায় প্রবেশের পর অনাকাঙ্ক্ষিতভাবে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা হয়, কেউ ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় গিয়ে সংশ্লিষ্ট কোম্পানির নিয়োগ না পেলে এবং ৯০ দিনের মধ্যে নতুন নিয়োগকর্তা খুঁজে না পেলে অবৈধ হয়ে পড়েন।

এছাড়া, অনেক ক্ষেত্রে নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীর বেতন থেকে ট্যাক্স কেটে নিলেও তা সরকারকে জমা দেয় না বা সময়মতো টিআরসি আবেদন সম্পন্ন করে না। এর ফলেও কর্মীরা অনিচ্ছাকৃতভাবে অবৈধ হয়ে পড়েন।

এ অবস্থায় বৈধভাবে প্রবেশ করে পরে অবৈধ হয়ে যাওয়া কর্মীদের রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে ইতোমধ্যে অবৈধ হয়ে যাওয়া ব্যক্তিদের ইমিগ্রেশনে যোগাযোগ করতে বলা হয়েছে।

তবে যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ (দেশত্যাগের নির্দেশ) পেয়েছেন বা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এ সুবিধার আওতায় পড়বেন না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights