রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানের প্রতি আরও জোরালো সম্পৃক্ততার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

ম্যানিলায় মঙ্গলবার অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যায়ের বৈঠকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের সফলভাবে ফেরত পাঠাতে আসিয়ানের আরও বেশি সক্রিয় হওয়া উচিত। দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে আসাদ আলম সিয়াম অভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিক বহুপাক্ষিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

তিনি জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনের স্থায়িত্বকে এই অঞ্চলের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। এসব সমস্যা কার্যকরভাবে মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানান তিনি।

বৈঠকের ফাঁকে পররাষ্ট্র সচিব ফিলিপাইনের আন্ডার সেক্রেটারি এবং আসিয়ানের ডেপুটি সেক্রেটারি-জেনারেলের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেন।

এসব বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার বিষয়ে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, আসিয়ান আঞ্চলিক ফোরাম হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক আলোচনা ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে আসিয়ান সদস্য রাষ্ট্র ও তাদের সংলাপ অংশীদাররা একত্রিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights