রোহিঙ্গা সংকট সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে তিন দিনের সম্মেলন শুরু

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে আজ রবিবার থেকে শুরু হয়েছে ‘স্টেকহোল্ডারস ডায়ালগ’ নামে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।

আজ থেকে আগামী ২৬ আগস্ট পর্যন্ত উখিয়ার ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে ‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক স্টেকহোল্ডারস ডায়ালগ নামে তিন দিনব্যাপী এই সম্মেলন চলবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টেকহোল্ডারদের নিয়ে এই ডায়ালগের আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামীকাল প্রধান অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এই সংলাপটি হবে রোহিঙ্গা সংকটের ওপর উচ্চপর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন। আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ওই উচ্চ পর্যায়ের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

আগামী ২৬ আগস্ট কক্সবাজারে সংলাপে অংশগ্রহণকারীরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

মানবিক সহায়তা, প্রত্যাবাসনে আস্থা গঠন, নৃশংসতার জন্য জবাবদিহি এবং সংকটের কার্যকর দীর্ঘমেয়াদি সমাধানের পথ নিয়ে মোট পাঁচটি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে এতে।

সংলাপে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনৈতিক, রোহিঙ্গা সম্প্রদায় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা রোহিঙ্গা সংকট নিয়ে নানা মত ও সুপারিশ তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights