রোহিত ভাইয়েরটা ছিল আমার স্বপ্নের উইকেট: তানজিম

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতে এশিয়া কাপের শেষটা রাঙাল বাংলাদেশ। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। জবাবে এক বল বাকি থাকতে ২৫৯ রান করে অলআউট হয় ভারত। ৬ রানের জয়ে এশিয়া কাপ মিশন শেষ করে বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে চমক দেখিয়েছেন অভিষিক্ত টাইগার পেসার তানজিম হাসান সাকিব

এশিয়া কাপের দলেই জায়গা পাওয়ার কথা ছিল না তানজিম সাকিবের। এবাদত হোসেনের ইনজুরি তার জন্য খুলে দেয় দরজা। এরপর পুরো টুর্নামেন্টই কেটেছে বেঞ্চে বসে। অবশেষে অনেকটা ‘মূল্যহীন’ হয়ে পড়া শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেই ব্যাট হাতে ৮ বলে ১৪ রান করেন। পরে বল হাতে বাংলাদেশকে শুরুতেই এনে দেন দুই উইকেট। এর মধ্যে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় বলেই ফেরান রোহিত শর্মাকে। তার বলে ড্রাইভ করতে গিয়ে কাভার পয়েন্টে দাঁড়ানো এনামুল হক বিজয়কে ক্যাচ দেন ভারতীয় অধিনায়ক। সবমিলিয়ে ৭ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ২ উইকেট নেন তানজিম সাকিব।

নিজের অভিষেক ম্যাচ নিয়ে ব্রডকাস্টারদের দেওয়া সাক্ষাৎকারে তানজিম সাকিব বলেন, ‘রোহিত ভাইয়ের উইকেটটা ছিল আমার কাছে স্বপ্নের উইকেট। আমার ক্যারিয়ারের প্রথম উইকেট। আমি কেবল বল ঠিক লাইন ও লেন্থে বল করায় মনোযোগ দিয়েছি। এটা ঠিক রাখার চেষ্টা করেছি। এজন্য আমি তাড়াতাড়ি সাফল্য পেয়েছি।’
অভিষিক্ত তানজিমের কাঁধে এসেছিল ইনিংসের শেষ ওভার করার দায়িত্বও। প্রথম দুই বলে ডট দেন তানজিম। কিন্তু তৃতীয় বলেই তাকে চার হাঁকান মোহাম্মদ শামী। কিন্তু পরের বলে দারুণ এক ইয়র্কার করেন, পরে অবশ্য রান আউট হয়ে যান শামী। ওই বল ও প্রথম স্পেলে টানা ছয় ওভার করা নিয়েও কথা বলেন তানজিম।

তিনি বলেন, ‘আমি সবসময় মানসিকভাবে প্রস্তুত থাকি লম্বা স্পেল করার জন্য। যখন আমার দলের লম্বা স্পেল দরকার হয়। আমি সবসময় প্রস্তুত থাকি। অনুশীলনেও নিজেকে সেভাবেই তৈরি করি।’

‘ওই বলে আমি আবার স্লোয়ার দেওয়ার চিন্তা করেছিলাম। কিন্তু এটা খুব কাছাকাছি ম্যাচ ছিল, দুই বলে আট রান দরকার ছিল। আমার বিশ্বাস ছিল পারফেক্ট ইয়র্কার করতে পারবো। সেটাই হয়েছে। আমরা দেশে ফিরে যাচ্ছি ভারতের বিপক্ষে বড় একটা জয় নিয়ে। আমার জন্য খুব ভালো অনুভূতি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights