র‌্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে র‌্যাবের তৎপরতা টের পেয়ে ছোড়া গুলিতে জবা আক্তার (২২) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে পশ্চিম মাসদাইরের বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী জাহিদকে ধরতে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ঘটনাস্থলে পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা র‌্যাবের উপস্থিতি বুঝে ফেলে। এরপর তারা গুলি ছোড়ে। এ সময় ছোড়া গুলির একটি স্থানীয় একটি বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তারের বুকে লাগে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় কৃষক দল নেতা নাহিদুর রহমান পারভেজের ওপর ছুরিকাঘাত ও গুলির ঘটনা ঘটায় জাহিদ ও তার সহযোগীরা। ওই ঘটনার পর থেকেই র‌্যাব-১১ জাহিদকে গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে।

জবা আক্তারের স্বামী রহিম উদ্দিন জানান, স্ত্রী রান্না করছিলেন, হঠাৎ গুলি এসে তার বুকে লাগে। কোথা থেকে গুলি এসেছে, তারা কিছুই বুঝতে পারেননি।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, শনিবারের ঘটনার পর থেকেই জাহিদকে ধরতে অভিযান চলছে। রবিবার তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জাহিদের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনার পর থেকে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। রবিবার আমাদের সোর্স তার অবস্থান শনাক্ত করতে কাজ করছিল। আভিযানিক দল পৌঁছানোর আগেই জাহিদ র‌্যাবের গোয়েন্দা উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এতে এক নারী গুলিবিদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights