র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ডেমরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। র‍্যাবের দাবি, তিনি অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

সোমবার (১৭ আগস্ট) রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ দল। এ সময় রনিকে আটক করা হয়।

র‍্যাব জানায়, আটকের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার একটি ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আটটি গুলি ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া বাসায় তল্লাশি চালিয়ে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। র‍্যাবের দাবি, তিনি ডেমরা, আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় ডাকাতির চারটি ও হত্যা চেষ্টার একটি মামলা রয়েছে।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights