লক্ষ্মীপুরে বিএনপির জয়জয়কার, কোন আসনে কে কত ভোট পেলেন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সবকটি আসনেই বিএনপি প্রার্থীরা বেসরকারিভাবে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। চারটি আসনেই কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।

এসব আসনের প্রতিটিতে বিএনপি প্রার্থীর সঙ্গে জামায়াত ও ১১ দলীয় জোটের মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাছান এ ফলাফল ঘোষণা করেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে পাওয়া তথ্যমতে, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির শাহাদাত হোসেন সেলিম। তার প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৮১১। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট। ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটোয়ারী পেয়েছেন ১১ হাজার ১৫৬ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির আবুল খায়ের ভুঁইয়া। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪৬ হাজার ৩২১। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রুহুল আমিন ভুঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৮ ভোট। ইসলামী আন্দোলনের হেলাল উদ্দিন পেয়েছেন ৬ হাজার ৭৭৪ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৫ হাজার ৬১২। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট। ইসলামী আন্দোলনের মো. ইব্রাহীম পেয়েছেন ৫ হাজার ৫১ ভোট।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির এবিএম আশরাফ উদ্দিন নিজাম। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৫ হাজার ১৯৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ আর হাফিজ উল্লাহ পেয়েছেন ৭৩ হাজার ৭৫৬ ভোট। জেএসডির তানিয়া রব ২২ হাজার ৪০ ভোট ও ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ ২১ হাজার ১০৩ ভোট পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights