লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, ঘাটে ফিরেছে হাজারো মাছধরা ট্রলার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আবারও উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা উপকূল। সাগরে ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। বৈরী আবহাওয়ার কারণে গভীর সাগর থেকে ফিরে এসেছে হাজারো মাছধরা ট্রলার। এর মধ্যে অধিকাংশ ট্রলার দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণকেন্দ্র আলীপুর ও মহিপুরের আড়ৎঘাটসংলগ্ন খাপড়াভাঙা নদীতে আশ্রয় নিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে উপকূলজুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। একই সঙ্গে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে এবং বাতাসের গতিবেগও বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় রয়েছে এবং এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights