লাইনের ওপর ট্রাক রেখে পালালেন মদ্যপ চালক, ট্রেনও ছুটে এলো…

অনলাইন ডেস্ক
রেললাইনের উপরই ট্রাক দাঁড় করিয়ে নেমে গেলেন মদ্যপ চালক। ভারতের পাঞ্জাব রাজ্যের ওই চালক মাতাল থাকায় খেয়ালই করেননি ট্রাকটি তিনি কোথায় রেখে যাচ্ছেন। আর তাতে ঘটতে পারে কতো বড়ো বিপর্যয়। ওই লাইনে কিছুক্ষণ পর ছুটে এল দ্রুত গতির ট্রেনটি।

তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। কারণ আগে থেকেই ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটির খবর জানানো হয়েছিল সংশ্লিষ্ট রেল স্টেশনকে। রেল কর্তৃপক্ষ সেই খবর পৌঁছে দিয়েছিল ট্রেন চালকের কাছে। তাই দাঁড়িয়ে থাকা ট্রাকের কয়েক মিটার আগেই ট্রেনটি থামানো গেছে।

ঘটনার পর তদন্ত শুরু করে রেল পুলিশ। তারা জানিয়েছে, শুক্রবার রাতে লুধিয়ানা-দিল্লি রেললাইনের উপর দিয়ে ট্রাক চালাচ্ছিলেন অভিযুক্ত চালক। তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। লুধিয়ানা স্টেশনের দিকে যাচ্ছিলেন তিনি। মাঝপথে ট্রাকটি আটকে যায়। চালক ট্রাক সরানোর কোনও চেষ্টা না করে লাইনের উপরেই নেমে পড়েন।
ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। স্থানীয়েরা ট্রাকটি দেখে স্টেশনে খবর দেন। রেল কর্তৃপক্ষ দ্রুত ট্রেনচালকের সঙ্গে যোগাযোগ করেন। সঠিক সময়ে পদক্ষেপের ফলে এ যাত্রায় রক্ষা পেয়েছেন যাত্রীরা।

পরে ট্রাকটিকে লাইন থেকে সরিয়ে দেওয়া হয়। অভিযুক্ত চালককেও গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার জন্য ঘণ্টাখানেক লুধিয়ানা স্টেশনের কাছে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights