লাকসামে ধর্ষণ মামলায় এক আসামির ১০ বছর কারাদণ্ড

লাকসাম প্রতিনিধি

কুমিল্লার লাকসামের নশরতপুর বেলতলা এলাকায় ধর্ষণ মামলায় আবু আহাম্মদ মিয়া নামে এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালত।

সোমবার বেলা ১২ টায় কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আদুল্লাহ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় মামলার আসামি আবু আহাম্মদ মিয়া আদালতের এজলাসে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রদীপ কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ফেনীর সোনাগাজী পালগিরির আবু ইউসুফের ছেলে আবু আহাম্মদ মিয়া।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত জানান,আসামি ২০০০ সালের ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লার লাকসাম নশরতপুর বেলতলা এলাকার ফুফাতো ভাইয়ের বাড়িতে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এই মামলায় ৬ জন সাক্ষীর মাধ্যমে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি আবু আহাম্মদ মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ মাসের কারাদণ্ডের রায় দেন।

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, রায় ঘোষণার পর আসামি আবু আহাম্মদ মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights