লাল কার্ডে পোয়াবারো, মিলিয়ন ডলারের ফ্রি পিজা

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফুটবল সমর্থকদের পোয়াবারো। একে তো দল জিতেছে, এরওপর মিলিয়ন ডলারের ফ্রি পিজা খাওয়ার সুযোগ তাদের সামনে। দ্বিগুন আনন্দ। তবে জয়ের সাথে ফ্রি পিজার কোনো সম্পর্ক নেই। বরং যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড দেখেই তাদের সামনে এক মিলিয়ন ডলারের ফ্রি পিজা খাওয়ার সুযোগ এনে দিয়েছে। এ যেন কারো সর্বনাশ, কারো পৌষ মাস।

বালোগান লাল কার্ড দেখায় মার্কিন পিজা জায়ান্ট ডমিনোজ এক মিলিয়ন ডলার মূল্যের ৬০ হাজার মিডিয়াম পিজা বিলি করবে। তবে এটি করতে তাদের কেউ বাধ্য করছে না। পূর্বঘোষিত বিশ্বকাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে ডমিনোজ এ পিজা বিলি করবে।

গত মে মাসে ডমিনোজ ঘোষণা করেছিল, বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে তারা বিনামূল্যে ৬০ হাজার মিডিয়াম ইমার্জেন্সি পিজা বিলি করবে। লাল কার্ডে কষ্ট পাওয়া দর্শকদের বেদনা কিছুটা উপশম করতেই ডমিনোজ এ ঘোষণা দিয়েছিল।

গ্রুপ পর্বের তিন ম্যাচে তেমন কোনো বেদনার উপলক্ষ্য তৈরি হয়নি। রাউন্ড অব ৩২এর ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখলেন যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড়। তবে এ কার্ডে দলের কোনো ক্ষতি হয়নি। বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বসনিয়া হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ২৪ বছর পর নকআউট পর্বে প্রথম জয় পেলো স্বাগতিক যুক্তরাষ্ট্র।

লাল কার্ড দেখে দলকে বিপদে ফেললেও জয়ের নায়কও বালোগানই। দলের প্রথম গোলটি করেছেন তিনি। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। ৬১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে খেলেছেনও দুর্দান্ত। তবে মাঠে থাকা ১০ জন বালোগানের অভাব বুঝতে দেনননি। বালোগান লাল কার্ড দেখার পরও আরেকটি গোল পায় যুক্তরাষ্ট্র।

তবে বালোগান লাল কার্ড দেখার পর যারা ভেবেছেন- পিজা খাবেন, তারা পাবেন না। বিশ্বকাপ শুরুর আগে ১০ জুন রাত ১২টার মধ্যে যারা ডমিনোজ পিজার ওয়েবসাইটে রিওয়ার্ডস প্রোগ্রামে নিবন্ধন করেছেন, তারাই শুধু চাহিদার ভিত্তিতে ফ্রি পিজা পাবেন। এ সুযোগ থাকবে আগামী ২ আগস্ট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights