লালদীঘিতে রাশেদকে কাঁদিয়ে বাঘা শরীফের হ্যাটট্রিক

মুহাম্মদ সেলিম ও ইমরান এমি, চট্টগ্রাম

ঐতিহাসিক লালদীঘির ময়দানের উত্তপ্ত বালুর মঞ্চে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন কুমিল্লার বাঘা শরীফ। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাশেদকে হারিয়ে তিনি আবদুল জব্বারের বলি খেলার ১১৭তম আসরে এ কৃতিত্ব অর্জন করেন।

শনিবারের ফাইনালটি ছিল ‘অল কুমিল্লা’ লড়াই, যেখানে চ্যাম্পিয়ন বাঘা শরীফ ও রানার্সআপ রাশেদ—দুজনেরই বাড়ি কুমিল্লা জেলায়। গত দুই আসরেও ফাইনালে উঠে বাঘা শরীফের কাছে হেরে রানার্সআপ হয়েছিলেন রাশেদ।

প্রায় ২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুরুতে রাশেদ আক্রমণাত্মক থাকলেও শেষদিকে অভিজ্ঞতার কাছে হার মানেন। চূড়ান্ত প্যাঁচে তাকে মাটিতে ফেলে দিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা নিশ্চিত করেন বাঘা শরীফ। ফলে প্রতিশোধ নেওয়ার সুযোগ এবারও হাতছাড়া হয় রাশেদের।

এর আগে প্রথম সেমিফাইনালে মিঠু বলিকে হারিয়ে ফাইনালে ওঠেন রাশেদ। দ্বিতীয় সেমিফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন শাহ জালাল বলিকে হারিয়ে ফাইনালে ওঠেন বাঘা শরীফ।

এ জয়ের মধ্য দিয়ে বলি খেলার ইতিহাসে হ্যাটট্রিক শিরোপা জয়ীদের তালিকায় নিজের নাম লেখালেন বাঘা শরীফ। এর আগে কক্সবাজারের রামুর দিদারুল ইসলাম (দিদার বলি) ১৩ বার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়েছেন।

১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের ঐক্যবদ্ধ করতে এ প্রতিযোগিতার সূচনা করেন। প্রতি বছর ১২ বৈশাখ নগরের লালদীঘি মাঠে এ বলি খেলা অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের ‘বলি’ বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights