লালপুরে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রী আহত
নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে সহকারি শিক্ষক গোলাম রাব্বানির বিরুদ্ধে পড়া না পারায় দশম শ্রেণিতে পড়ুয়া খাদিজা আক্তার খুশি (১৬) নামে এক ছাত্রীকে বেধড়ক বেত্রাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে উপজেলার রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। আহত ছাত্রী একই এলাকার মৃত আজিজুল ইসলামের মেয়ে।
আহত ছাত্রীর পরিবার জানান, দুপুরে সহকারী শিক্ষক গোলাম রাব্বানীর ক্লাসে পড়া না পারা খুশিকে বেত দিয়ে বেধড়ক মারধর করে। এ ঘটনায় ওই ছাত্রী বাড়িতে পৌঁছালে অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন রক্ত দেখে খুশিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর পরিবার থানায় মামলার করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। বেত্রাঘাতের কথা স্বীকার করে ওই স্কুলের সহকারী শিক্ষক গোলাম রাব্বানি বলেন, ছেলেমেয়েগুলোকে মানুষ করতে চেয়েছিলাম। সে জন্য পড়া না পারায় খুশিকে একটু শাসন করেছি।
এ বিষয়ে রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এ বিষয়ে ম্যানেজিং কমিটির জরুরি মিটিং ডাকা হয়েছে। মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
