‘শরীয়তপুর পার্ক’র ভিত্তিপ্রস্তর স্থাপন
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর জেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে শরীয়তপুর পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন। পরে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা শহরের শিল্পকলা একাডেমির পাশে অবস্থিত পরিত্যক্ত সরকারি জমিতে এই পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, শরীয়তপুরে কোনো পার্ক নেই। তাই এই পার্ক হলে সকল বয়সের মানুষই উপকৃত হবেন। বিনোদনের একটি প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরফুদ্দিন গিয়াস, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপোদার, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জনসহ অনেকে।
