শান্তর অধিনায়কত্বে হতভম্ব মাইকেল ভন!

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখেছিলেন নাজমুলরা। এজন্য ভারতকে হারাতেই হতো। শুধু হারালে হতো না, হারাতে হতো পরের ম্যাচে আফগানিস্তানকেও। তবে এবার আর সেমিফাইনাল খেলা হচ্ছে না টাইগারদের। সুপার এইটে ভারতের বিপক্ষে জীবনবাজির ম্যাচটি হেরেছে ৫০ রানে।

ভারতের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস ভাগ্য পক্ষে পেয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি দুই স্পিনারকে দিয়ে বোলিংয়ের শুরু করে সবাইকে চমকে দেন শান্ত। যা দেখে বিস্মিত সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন।

ভারতের বিপক্ষে এই ম্যাচে একাদশে একটি বদল এনেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদের বদলে খেলানো হয়েছে জাকের আলি অনিককে। টস জিতে ফিল্ডিং নিয়ে শান্ত বলেন উইকেট দেখে তাদের ভালোই মনে হচ্ছে, ভারতকে ১৫০-১৬০ রানের মধ্যে আটকে রাখতে চান তারা। কিন্তু বাংলাদেশ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, তা প্রমাণ করেছেন ভারতীয় ব্যাটাররা। স্কোরবোর্ডে ১৯৬ রান তুলেছে দলটি।
এক্স অ্যাকাউন্টে মাইকেল ভন লেখেন, ‘দিনের বেলায় খেলা, তবুও টস জিতে বাংলাদেশ বোলিং নিয়েছে। স্পিন ভালো খেলে, এমন প্লেয়ারদের বিপক্ষে দুই স্পিনারকে দিয়ে শুরু করানো, সত্যিই অবিশ্বাস্য! যেখানে তারা বাঁহাতি বোলারের বিপক্ষে ভুগছে, সেখানে কেন মুস্তাফিজকে দিয়ে শুরু করানো হলো না। সত্যিই…অস্বাভাবিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights