শালবনে নজর কাড়ছে পলাশি লতা
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে প্রায় তিন হাজার একর জায়গাজুড়ে গড়ে ওঠা শালবনে অপরূপ সৌন্দর্যে গাছে গাছে ঝুলছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ পলাশি লতা। এই লতা দেখতে এবং ভিডিও করতে দর্শনার্থী ও কনটেন্ট ক্রিয়েটররা এখন প্রতিনিয়ত ভিড় করছেন। শাল, সেগুন, আকাশমণি, দেবদারু, নলবাঁশ, বেত, খুদে খেজুরসহ বিভিন্ন প্রকার বনজ, ফলদ ও ঔষধি গাছ রয়েছে এই শালবনে। রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী। এই বন কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে চলে গেছে ভারতে। সীমান্তের ওপারে ভারতের কুশোমুন্ডি, এপারে বিরল থানা। দর্শনার্থীরা জানান, শালবনের গাছে গাছে শোভা পাচ্ছে পলাশি লতা। এটা অন্যরকম এক অনুভূতি। এ ছাড়া বনের সৌন্দর্য তো আছেই। তাই মাঝেমধ্যেই এই শালবনে বেড়াতে আসা। বিরল ধর্মপুর বন বিট কর্মকর্তা মহসিন আলী জানান, শালবনটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হলেও এর কার্যক্রম শুরু হয়নি। শালবনে পলাশি লতা নামের এই উদ্ভিদটি অনেক আগে থেকে থাকলেও সেভাবে নজর কাড়েনি। এখন লতাগুলো বেশ মোটা ও অদ্ভুত কারুকার্যে গড়ে ওঠায় মানুষের নজর কাড়ছে।
