শাহ আমানতে দেড় কেজি স্বর্ণ জব্দ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ তুষার (৩৩) নামের এক যাত্রীর কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার (৩ আগস্ট) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
উদ্ধারকৃত অলংকার ও স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি টাকা। আটককৃত তুষারের বাড়ি কুমিল্লা জেলা সদর উপজেলায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ তুষার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে নজরদারিতে রাখা হয়। পরে তার দেহ তল্লাশির সময় অন্তর্বাসের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার পেস্ট ও গহনা উদ্ধার করা হয়।
অভিযানে ১ হাজার ৪০০ গ্রাম ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট, পাঁচটি চুড়িসহ প্রায় ১’শ গ্রাম স্বর্ণের গহনা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। এ সময় যাত্রীর পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়। আটককৃত যাত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
