শাহজাদপুরে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন, ১৫ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘটিত সাব্বির হোসেন হত্যা মামলায় একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—পোতাজিয়া গ্রামের মোকছেদ আলী শেখের ছেলে ওয়াজ আলী, আব্দুল হামিদ, আরশেদ আলী, মোকবেল শেখের ছেলে আব্দুস সামাদ, মৃত এলাহী বক্সের ছেলে মো. কুনু, ইদ্রিস আলী, ওয়াজ আলীর ছেলে সেলিম রেজা। তাদের প্রত্যেককে আরও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাউতারা গ্রামের মো. আব্দুর রহিম—২ বছরের কারাদণ্ড। আর পোতাজিয়ার নাজমুল, আব্দুল করিম, ফরিদ, ফখরুল, শফিক, রফিজ ও শুকুর আলী প্রত্যেকে পেয়েছেন ৬ মাসের কারাদণ্ড।

মামলা সূত্রে জানা যায়, জমি নিয়ে পোতাজিয়া গ্রামের ওসমান গণির সঙ্গে আসামিদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জের ধরে ২০১২ সালের ২৩ আগস্ট সকালে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদী পক্ষের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন কয়েকজন। তাদের মধ্যে সাব্বির হোসেনকে গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার পর নিহত সাব্বিরের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১৩ বছর শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. গোলাম সরওয়ার খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights