শিক্ষক সংকট কাটাতে ৪৯তম বিশেষ বিসিএস

অনলাইন ডেস্ক

দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটাতে ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২২ জুলাই) থেকে আবেদন গ্রহণ শুরু হচ্ছে। এর আগে, সোমবার (২১ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এই বিসিএসে মোট ৬৮৩ জনকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিশেষ এ বিসিএসে আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হবে। আবেদন চলবে আগামী ২২ আগস্ট পর্যন্ত। তবে আবেদন ফরম পূরণের পর ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ফি পরিশোধ করতে পারবেন। সেই হিসেবে ফি পরিশোধ করা যাবে ২৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights