শিক্ষকদের বেতন-ঈদ বোনাস কবে, জানাল মাউশি

অনলাইন ডেস্ক

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল দাখিলের সময়সূচি নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। আগামী ১০ মে থেকে অনলাইনে বিল জমা নেয়া শুরু হবে, যা চলবে ১৩ মে পর্যন্ত।

রবিবার (৩ মে) সকালে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাউশি সূত্রে জানা গেছে, দেশের প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতার আবেদন এই নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে কোনো বিল বা তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে না।

প্রতিমাসের মতো এবারও প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনে বেতনের প্রস্তাব পাঠাবেন। ইএমআইএস সেলে বিল জমা পড়ার পর তা যাচাই-বাছাই করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ ছাড় করা হবে। সব প্রক্রিয়া শেষে শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে বেতন ও উৎসব ভাতা উত্তোলন করতে পারবেন।

বিডি-প্রতিদিন/এমএল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights