শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা: গণশিক্ষা উপদেষ্টা

বাসস

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রত্যেকটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।

শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কক্সবাজার জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, শিক্ষার উদ্দেশ্য অনেক বড়। এর উদ্দেশ্য শুধু জিপিএ ফাইভ অর্জন অথবা ভালো ফলাফল করা নয়, বরং এটা শিক্ষার একটি ক্ষুদ্র অংশ। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা।

এ সময় উপদেষ্টা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকসহ সব অংশীজনদের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আতাউর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights