শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে ট্রাস্টিবোর্ডের নির্দেশে ছুটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণে ২৬ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা। গতকাল রবিবার এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এক্সিম ব্যাংক ও ব্যাংকের এটিএম বুথের কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন তারা।

এদিকে রাতে আন্দোলনকারী শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় উপাচার্য এবিএম রাশেদুল হাসানের বাসভবনে হানা দেন। এসময় ভুয়া কিছু কাগজপত্র, নগদ ১৪ হাজার টাকা, মদের বোতল ও ধারালো অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights