‘শিগগির লেবানন-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হবে’

অনলাইন ডেস্ক
লেবানন ও ইসরায়েলের মধ্যে শিগগির একটি যুদ্ধবিরতি চুক্তি সই হবে বলে জানিয়েছেন লেবাননের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) লেবাননভিত্তিক সম্প্রচার সংবাদমাধ্যম আল জাদিদ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কান টেলিভিশন চ্যানেল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভিত্তিতে লেবাননে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করতে রাজি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। ওয়াশিংটনের লেখা ওই চুক্তির খসড়া এরই মধ্যে লেবাননে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার আল জাদিদকে দেওয়া সাক্ষাৎকারে নাজিব মিকাতি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো যুদ্ধবিরতি চুক্তি হওয়া নিয়ে তার সন্দেহ ছিল। কিন্তু বুধবার (৩০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত অ্যামোস হচস্টেইনের সঙ্গে ফোনে কথা বলার পর সেই সন্দেহ দূর হয়েছে।
মিকাতি বলেন, টেলিফোনে হচস্টেইন আমাকে জানিয়েছেন যে আগামী ৫ নভেম্বরের আগেই চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তির জন্য যা যা করা দরকার, সব করতে আমরা প্রস্তুত ও আমরা আশা করছি কয়েক দিনের মধ্যেই চুক্তি সই হবে।

চুক্তির খসড়া অনুলিপি এরই মধ্যে প্রকাশ করেছে ইসরায়েলের কান টেলিভিশন চ্যানেল। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র সিন স্যাভেটের কাছে রয়টার্স এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি প্রশ্ন এড়িয়ে যান। ইসরায়েলের সরকারি মুখপাত্ররাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights