শিশুদের জন্য কলকাকলি স্টেশন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
হঠাৎ চোখে পড়লে মনে হবে, যেনো দাঁড়িয়ে আছে ট্রেনের কোনো বগি। নাম ফলক দেখলে মনে হবে এটি একটি স্টেশন। আসলে ট্রেনও নয়, স্টেশনও নয়, এটি রাজশাহীর পুঠিয়া উপজেলার ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশুদের জন্য স্কুল ভবনটিকে ট্রেনের আদলে রঙ করা হয়েছে। স্কুল ভবনটিতে লেখা হয়েছে ‘কলকাকলি’ স্টেশন।

স্কুলটির প্রধান শিক্ষক দিলরুবা খাতুন জানান, শিক্ষার্থীরা যাতে আনন্দ নিয়ে ক্লাসে আসে, পাঠদানে অংশ নেয়, সেলক্ষ্য নিয়েই ট্রেনের মতো করে স্কুল ভবনটি রঙ করা হয়েছে। স্কুল ভবনটির নাম দেওয়া হয়েছে ‘কলকাকলি স্টেশন’। গন্তব্য লেখা হয়েছে ‘ধাদাশ টু মহাকাশ’।

১৯৬৭ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ৩০৯ জন শিক্ষার্থীকে পাঠদান করান ৮ জন শিক্ষক। স্থানীয় আলমগীর হোসেন বলেন, প্রথম দিকে যখন রঙ করা চলছিল, তখন বুঝতে পারেননি এমন হবে। রঙের কাজ শেষ হওয়ার পর খুবই সুন্দর হয়েছে। মনে হচ্ছে ট্রেনের বগিতে বসে শিশুরা পড়াশোনা করছে। সুমন নামের একজন জানান, ট্রেনের এ রঙ করায় শিক্ষার্থীরা অনেক আনন্দিত। স্থানীয়ভাবে তারা খুশি। শ্যামলী খাতুন নামের আরেকজন জানান, তার ছেলে ওই স্কুলে পড়ে। আগে নিয়মিত স্কুলে না গেলেও এখন নিয়মিত যাচ্ছে। দূর-দূরান্ত থেকেও অনেকে আসছেন স্কুলটি দেখতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights