শুল্কের এক ঘোষণায় থেমে গেল যুদ্ধ, ট্রাম্পের বিস্ফোরক দাবি

অনলাইন ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যকার গত বছরের সংঘাত নিয়ে আবারও সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, দুই দেশের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েই তিনি একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছিলেন এবং প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষের জীবন বাঁচিয়েছিলেন।

ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, তিনি দুই দেশকেই জানিয়েছিলেন যে তাঁদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এতে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। তাঁর ভাষায়, যখন তারা বুঝল প্রচুর আর্থিক লোকসান হবে, তখন তারা লড়াই না করার সিদ্ধান্ত নেয়। এভাবেই বিষয়টির সমাধান হয়েছে বলে দাবি করেন তিনি।

এর আগে ১১ ফেব্রুয়ারি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারেও ট্রাম্প একই ধরনের বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, তিনি মোট আটটি যুদ্ধ মিটিয়েছেন, যার মধ্যে ছয়টিই মিটেছে শুল্কের ভয়ে। ভারত পাকিস্তান প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশ বিধ্বংসী লড়াইয়ে জড়িয়ে পড়েছিল এবং পরিস্থিতি পারমাণবিক যুদ্ধের দিকে যাচ্ছিল। তাঁর দাবি, সে সময় ১০টি বিমান ভূপাতিত হয়েছিল।

গত বছরের মে মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। পেহেলগামে ২৬ জন বেসামরিক নাগরিক নিহতের পর ৭ মে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে অপারেশন সিঁদুর পরিচালনা করে নয়াদিল্লি। এরপর দুই দেশের মধ্যে আকাশপথে সংঘাত শুরু হয়।

১০ মে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, তাঁর হস্তক্ষেপে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর থেকে তিনি প্রায় ৮১ বার এই সাফল্যের দাবি করেছেন। তবে নয়াদিল্লি বরাবরই ট্রাম্পের এই বক্তব্যকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দিয়েছে।

সোর্সঃ ফক্স বিজনেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights