শৃঙ্খলা ফেরাতে সড়কে বসবে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

অনলাইন ডেস্ক

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার পাশাপাশি এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান।

তিনি বলেন, বর্তমানে রাজধানীর ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে ৩৭টি এআই ক্যামেরা কার্যক্রম চালাচ্ছে। শিগগিরই আরও প্রায় ৫০টি এআই ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি তুলনামূলক কম খরচে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এক হাজার প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আনিসুর রহমান বলেন, নতুন প্লাগ অ্যান্ড প্লে ক্যামেরাগুলোতে তাৎক্ষণিকভাবে মামলা দেওয়ার সুবিধা না থাকলেও ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে। এআই ক্যামেরার উচ্চ ব্যয়ের কারণে বিকল্প হিসেবে এ ধরনের ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে তিনি আরও জানান, রাজধানীতে সড়কে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রতি মাসে ৫০ হাজারের বেশি মামলা করা হয়। এসব মামলা থেকে মাসে গড়ে প্রায় ১২ কোটি টাকা এবং বছরে প্রায় ১২০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights