শেকৃবিতে শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদলের গণইফতার

শেকৃবি প্রতিনিধি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে নিয়ে গণইফতারের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, উপ উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ফিরোজ মাহমুদ, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবীর।

কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার বলেন, ছাত্রদলের আয়োজনে সবাই ভেদাভেদ ভুলে একসঙ্গে ইফতারে অংশ নিয়েছেন। দীর্ঘ সময় পর এমন আয়োজনের জন্য তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানান।

উপ উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, মাহে রমজানের শিক্ষা এই আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ছাত্রদল ঐক্যবদ্ধ থেকে বিশ্ববিদ্যালয় ও কৃষির উন্নয়নে ভূমিকা রাখবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, এত শিক্ষার্থীর অংশগ্রহণ দেখে ভালো লেগেছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সম্ভব।

অনুষ্ঠানের শেষ দিকে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights