শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে জাতির জনকের জন্মদিন উদযাপন
নেত্রকোনা প্রতিনিধি
জাতীয় শিশু দিবস ও জাতির জনকের ১০৩ তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা শহরের রাজুর বাজার টিটিসি ক্যম্পাসে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (অস্থায়ী ক্যাম্পাস) এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাসে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা কেক কাটা ছাড়াও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেহাবির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ, ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য প্রমুখ। সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত উক্তি ‘আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি’ উচ্চারণ করেন। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনি হিমালয়ই, বলেন উপাচার্য। এ সময় তিনি ৭০ এর নির্বাচনে জাতির পিতাকে স্বচক্ষে দেখার অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশকে এগিয়ে নেওয়ায় বঙ্গবন্ধুর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্যান্য শহীদ ও একাত্তরের বীর শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।
