শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ ‘খতিয়ে দেখছে’ ভারত
অনলাইন ডেস্ক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে ঢাকার অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে সংসদীয় কমিটিকে জানিয়েছে ভারত।
গতকাল বৃহস্পতিবার ভারতের সংসদীয় স্থায়ী কমিটিকে দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশের অনুরোধ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষা করে দেখা হচ্ছে।
কংগ্রেসের লোকসভার সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন বৈদেশিক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ওপর সরকারের নেওয়া পদক্ষেপ সংক্রান্ত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ নিয়ে কমিটির নবম প্রতিবেদনে থাকা পর্যবেক্ষণ/সুপারিশসমূহের ওপর সরকারের গৃহীত পদক্ষেপ শীর্ষক প্রতিবেদনটি বৃহস্পতিবার দেশটির সংসদে পেশ করা হয়।
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর তাকে ফেরত পাঠাতে বাংলাদেশ যে অনুরোধ করেছে, সে বিষয়টি জানার পর বিষয়টি পর্যালোচনার অগ্রগতি সম্পর্কে সরকারের কাছে জানতে চেয়েছিল পার্লামেন্টারি কমিটি।
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।
