শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় জর্ডান

অনলাইন ডেস্ক

লিওনেল মেসি মাঠে নামবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আর্জেন্টিনার শক্তি নিয়ে কোনো সংশয় নেই জর্ডানের কোচ জামাল সেলামির। ডালাসে উত্তর আমেরিকা বিশ্বকাপের ‘জে’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে শিরোপাধারীদের মোকাবিলা করবে জর্ডান। বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি জর্ডানের জন্য বিশ্বকাপের বিদায়ী মঞ্চ হলেও, তারা মাঠ ছাড়তে চায় একটি ইতিবাচক ছাপ রেখে।

চলতি বিশ্বকাপে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আর্জেন্টিনা ইতোমধ্যে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে, টানা দুই হারে প্রতিযোগিতার দৌড় থেকে ছিটকে গেছে বিশ্বকাপ অভিষেকে চমক দেখানো জর্ডান। তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলেও, ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণে কোনো কমতি রাখতে চায় না মধ্যপ্রাচ্যের দলটি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জর্ডান কোচ জামাল সেলামি জানান, প্রতিপক্ষ আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, সে সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা নেই। তবে তিনি মনে করেন, আর্জেন্টিনার জার্সি গায়ে যারাই খেলুক না কেন, তারা প্রত্যেকেই অত্যন্ত দক্ষ এবং শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামে। সেলামির মতে, মেসি খেললে দলের মাহাত্ম্য যেমন বাড়ে, তেমনি মেসি না থাকলেও আর্জেন্টিনার মতো একটি ভারসাম্যপূর্ণ দলের বিপক্ষে লড়াই করাটা বড় চ্যালেঞ্জ।

জর্ডান অধিনায়ক নুর আল-রাওয়াবদেহ দলের মনোভাব ব্যক্ত করতে গিয়ে জানান, নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা না থাকলেও, এই ম্যাচটি তাদের কাছে গর্বের। তাদের মূল লক্ষ্য বিশ্বমঞ্চে জর্ডানের ফুটবল সংস্কৃতি ও খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতাকে তুলে ধরা। আল-রাওয়াবদেহ মনে করেন, জর্ডানের মানুষ স্বপ্ন দেখতে জানে এবং তাদের অধ্যাবসায়ের গল্পটা মাঠের পারফরম্যান্সের মাধ্যমে ফুটবল বিশ্বকে জানিয়ে দিতে চান তারা।

টানা তিন জয়ের লক্ষ্য নিয়ে নকআউটে পা রাখতে মুখিয়ে থাকা শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে জর্ডান কতটা প্রতিরোধ গড়তে পারে, সেটাই এখন দেখার বিষয়। তবে পরাজয় নিশ্চিত জেনেও শেষ ম্যাচে নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে একটি সম্মানজনক বিদায় নিতে মরিয়া জর্ডান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights