শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৪
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে অন্তত ১২টি বাড়িঘর। সোমবার রাতে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শেখড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখড়া গ্রামের বাবুল মোল্ল্যার সাথে গোলাম মোস্তফা সরকারের দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় বাবুলের এক সমর্থক মুকুল হোসেন মোল্ল্যা (৪৫) কে কুপিয়ে জখম করে মোস্তফা সরকারের সমর্থকরা। এরই জের ধরে রাতে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত ৪ জন। ভাঙচুর করা হয় উভয় পক্ষের ১২ টি বাড়িঘর।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শৈলকুপা থানা ওসি হুমায়ুন কবির মোল্ল্যা জানান, এখন পর্যন্ত এলাকায় দু’পক্ষের মাঝে উত্তেজনা চলছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগও দায়ের করেনি।
